
লালমনিরহাট প্রতিনিধি:
এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এ সফরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
পরবর্তী কর্মসূচিতে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।