
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে এতিম শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ডিম খাওয়ানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কাউনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, এলইও ডা. আহসান হাবীব, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসার শিক্ষকসহ অন্যান্য অতিথিরা।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন বলেন, জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার এতিম শিক্ষার্থীদের ডিম খাওয়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুধ ও ডিম প্রাণিজ আমিষের অন্যতম উৎকৃষ্ট উৎস। এসব পুষ্টিকর খাবার শিশুদের শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পুষ্টিকর খাবার গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।