
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা এনসিপি কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মশাল জ্বালিয়ে ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব আবু রেজা মো. আবদুল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহ ও উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।