
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গবাদিপশু, হাঁস-মুরগির বিনামূল্যে টিকা ও কৃমিনাশক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা ও গেদ্দ বালাপাড়াসহ বিভিন্ন এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারি ও পশুপালকদের মধ্যে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক বিতরণ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ পালনে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে পশুপালনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, এসএএলও (প্রাণী সম্প্রসারণ) উজ্জ্বল চন্দ্র রায় এবং এসএএলও (প্রাণীস্বাস্থ্য), প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা বৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খামারি ও প্রান্তিক পশুপালকদের দোরগোড়ায় প্রাণিসম্পদ সেবা পৌঁছে দিতে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক বিতরণ করা হচ্ছে। গবাদিপশু ও হাঁস-মুরগিকে নিয়মিত টিকা প্রদান এবং নির্ধারিত সময়ে কৃমিনাশক খাওয়ানোর মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এতে পশুর মৃত্যুহার কমবে, উৎপাদন বাড়বে এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন করতে পারলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দুধ, মাংস ও ডিম উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে। তাই খামারিদের নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ গ্রহণ, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় পশুপালক ও খামারিরা জানান, বিনামূল্যে টিকা ও কৃমিনাশক পাওয়ায় তাঁরা উপকৃত হচ্ছেন। এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে প্রান্তিক খামারিরা পশুপালনে আরও উৎসাহিত হবেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি প্রাণিসম্পদের রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং স্বাবলম্বী খামারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।