
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম এবং খামারি আবু সাঈদ মন্টু ও জুলফিকার হায়দার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর নিয়মিত চিকিৎসা ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তাঁরা বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি উৎপাদিত মাংস, দুধ ও ডিমের গুণগত মান নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রাণিসম্পদ বিভাগের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হয়।
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।