
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মোস্তাফিজার রহমান রানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও জুয়া নির্মূল, চুরি-ছিনতাই রোধ, বাল্যবিবাহ বন্ধ, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, বাজার মনিটরিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন সভায় অংশগ্রহণকারীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের টহল তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ইউএনও।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।