
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিশ্ব রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাসচিব শাহীন আকতার। প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির বিভিন্ন পদে নির্বাচিত সদস্য আবুল হোসেন, ইমাম হাসান জুয়েল, মনিরুল ইসলাম, আবুল কাসেম, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম, সুমন আলী এবং উপদেষ্টা মো. সিয়ামসহ অন্যান্য সদস্যরা বক্তব্য ও আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং শিক্ষা সফর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ আল মাহমুদ বলেন, “সাংবাদিকদের ঐক্য সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। নিজেদের মান-মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকদের মান-সম্মান অক্ষুণ্ন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। এজন্য হলুদ সাংবাদিকতার গতি রোধ করতে হবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাদারিত্বের মান অক্ষুণ্ন রাখতে হবে এবং সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ আল মাহমুদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর নির্বাহী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে উপদেষ্টা কমিটির প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।