
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
তিস্তা নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিটে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা নদী পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদ, কাউনিয়ার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আব্দুর রহিম। তিনি বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন হলেও দীর্ঘদিন ধরে নদীভাঙন, বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং উন্নয়ন বঞ্চনার কারণে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীশাসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং তিস্তা অববাহিকার মানুষের আর্থসামাজিক অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। তাই জাতীয় স্বার্থে এবং উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত এ মহাপরিকল্পনার কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিস্তা পাড়ের মানুষের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, তিস্তা তীরবর্তী দুর্গম এলাকায় আধুনিক শিক্ষাব্যবস্থা চালু, তিস্তা নদীর নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৃহত্তর রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা।
বক্তারা বলেন, তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এ অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু তিস্তা তীরবর্তী এলাকাই নয়, সমগ্র উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. জহুরুল হক, মো. আব্দুল হান্নান, মো. রমজান আলী, রফিকুল ইসলাম, মো. মোর্তাজ আলী, মো. শামসুল হক, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল হাই মানিক, মো. মোতালেব হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলন শেষে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।