
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হৃদ লহরী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসিনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তালেব শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খালাসী ও জিয়া উদ্দিন আহম্মেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে।
বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ পর্বে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।