
সৈয়দ আলী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার গঙ্গানারায় কালিগঞ্জ মুসল্লিপাড়া এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা প্রত্যাহারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির সামনের পাকা রাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে শ্বশুরসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।ভুক্তভোগী মোছাঃ শারমিন আক্তার (৩১) পীরগাছা থানায় দায়ের করা লিখিত এজাহারে উল্লেখ করেন, তার স্বামীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পূর্বে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা প্রত্যাহারকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাপ সৃষ্টি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।এজাহার সূত্রে জানা যায়, ১৫ জুন ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে বাড়ির সামনের পাকা রাস্তায় উভয় পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে শ্বশুর, বাবা, বোনসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন শ্লীলতাহানির চেষ্টা, বাড়িঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় বলে জানা গেছে। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত এজাহার দাখিল করেন।এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় সূত্র।
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
মোবাইল ০১৭৪৬০৯৪১৯৫