
সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবার যে রাস্তা ব্যবহার করে আসছিল, সম্প্রতি জামাল মিয়া ও তার সহযোগীরা সেই রাস্তা বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হামলায় আমিনুল ইসলামের স্ত্রী, মা, ভাতিজি ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে আহতরা চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবার জানায়, বর্তমানে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের বাড়ির ডান পাশের রাস্তা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সর্বশেষ বাম পাশের চলাচলের পথও বন্ধ করে দেওয়ায় পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বাজার করা, সন্তানদের নিয়ে বাইরে যাওয়া কিংবা অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।আমিনুল ইসলাম বলেন, “আমরা এখন ঘরবন্দি অবস্থায় আছি। আমাদের চলাচলের কোনো রাস্তা নেই। অসুস্থ রোগী নিয়ে বের হওয়া সম্ভব হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে রাস্তা পুনরুদ্ধার এবং হামলার বিচার দাবি করছি।”এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিনের চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়েছেন