
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
নগরীর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্যোগকে ইতিবাচক ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তবে উচ্ছেদের পাশাপাশি ক্ষুদ্র ও অসহায় ব্যবসায়ীদের জন্য সম্মানজনক জীবিকার সুযোগ এবং পুনর্বাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ফুটপাতের দখলমুক্ত পরিবেশ যেমন জরুরি, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টিও মানবিক দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পথচারীদের অধিকার রক্ষা এবং ব্যবসায়ীদের জীবিকার সুযোগ—দুটিই নিশ্চিত করা সম্ভব।
এমন জনবান্ধব উদ্যোগ গ্রহণ করায় খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জননেতা নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন নগরবাসীর অনেকে।
তাঁদের প্রত্যাশা, প্রশাসকের নেতৃত্বে খুলনা হয়ে উঠবে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, দৃষ্টিনন্দন ও মানবিক নগরী। যেখানে ফুটপাত থাকবে পথচারীদের জন্য, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ।
উন্নয়ন হোক জনস্বার্থে, উচ্ছেদ নয়—পুনর্বাসন ও মানবিকতাও হোক নগর ব্যবস্থাপনার অংশ।