
বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামে সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম বাবুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীর মাঝে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।
ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর)-এর দোয়া ও সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া।
ইসবপুর গ্রামের তরুণ সংগঠক রাহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী।
এ সময় বক্তব্য রাখেন সংগঠক মো. ওয়ারিছ আলী ও আফতাবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত।
বক্তারা শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসীদের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।