
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা অন্যায় নয়; তবে অবৈধ পথে বিদেশ যাওয়া অন্যায়। বৈধ পথে বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়লে সরকার প্রবাসীদের পাশে থাকবে। কিন্তু অবৈধ পথে বিদেশ গিয়ে বিপদে পড়লে রাষ্ট্রের পক্ষে তাদের সহায়তা করা কঠিন। তাই নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের তিনটি উপজেলার আট যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি যুবকদের বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনা হয়েছে। এসব দেশের অনেকেই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট শেরেনুর আলীসহ অনেকে।
সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দালালচক্রের প্রতারণা প্রতিরোধ এবং অবৈধ পথে বিদেশ গমন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।