
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার কাউনিয়া কেন্দ্রীয় দুর্গামন্দির ও টেপা মধুপুর ইউনিয়নের জামতলা বাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা হোক এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, ইউপি চেয়ারম্যান আনসার আলী, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর আহবায়ক বিজন গোস্বামী বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।