
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ‘সী-গাল, সিঙ্গারদিঘী’তে গাজীপুর সাংবাদিক পরিষদের আয়োজনে এ ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় কর্মরত ৩০ জন তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বপূর্ণ কৌশল শেখান দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম এবং কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান।
কবি, কথাসাহিত্যিক ও গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান শাহাবুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় ভূমিকা পাঠ ও সঞ্চালনা করেন কলাম লেখক, রসায়নবিদ ও অ্যাক্টিভিস্ট সাঈদ চৌধুরী।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ, মাল্টিমিডিয়া রিপোর্টিং এবং ডিজিটাল সংবাদমাধ্যমের বিভিন্ন প্রায়োগিক দিক নিয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় করা হয়।
সমাপনী বক্তব্যে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ জানান, মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতে প্রতি বছর অন্তত দুইবার এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
আয়োজকদের মতে, বদলে যাওয়া ডিজিটাল যুগে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও সময়োপযোগী দক্ষতা বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের হাতে আনুষ্ঠানিক প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়।