কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদের নাম জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় সরকারি ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার তালিকায় থাকায় এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অধ্যক্ষ আব্দুর রশিদ বর্তমানে সুস্থ অবস্থায় নিয়মিত মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করছেন। অথচ জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের জন্য বরাদ্দ করা সরকারি চিকিৎসা সহায়তার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, সরকার অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা দিয়ে থাকে। তবে সুস্থ একজন ব্যক্তির নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত অসুস্থ ও অসচ্ছল রোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কীভাবে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুর রশিদ অভিযোগটি অস্বীকার করে বলেন, “আমি বা আমার কোনো শিক্ষার্থী এই সহায়তার জন্য আবেদন করিনি। কারা আমার নাম ব্যবহার করে আবেদন করেছে, তা আমার জানা নেই। বিষয়টি জানতে পেরে টাকা বিতরণ বন্ধ রাখার জন্য জেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানিয়েছি।”
স্থানীয়দের দাবি, সরকারি চিকিৎসা সহায়তার অর্থ বরাদ্দের ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা উচিত। একই সঙ্গে অধ্যক্ষের নাম কীভাবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।