অভয়নগরে চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

IMG-20260907-WA0009

মো: আল-মাহফুজ শাওন 
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে নিষিদ্ধ একটি চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাহারুল মল্লিক ওই গ্রামের হাকিম মল্লিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে নিষিদ্ধ একটি চরমপন্থী দলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকালে মোল্যাবাড়ির (আব্দুর রশিদ মোল্যা গং) বাগানের ভেতরে বাহারুলের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, প্রায় ১৫ বছর আগে বাহারুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে নিয়মিত থাকতেন না। মাঝে মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে ভাইয়ের মৃত্যুর খবর পান তিনি।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ঠোঁটের নিচে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে গলাকেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসা এবং লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Reporter: