কমলনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

Screenshot_2026_1108_185917

মোহাম্মদ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ ইকরা ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এবং ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ হযরত মাওলানা গিয়াস উদ্দিন। তিনি বলেন, মানবকল্যাণে কাজ করার চেষ্টা করি, যাতে এতিম, অসহায়, দুস্থ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষ নিজেদের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এ লক্ষ্যেই মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এসব কাজে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী ও কমলনগরের বিশিষ্টজনেরা সহযোগিতা করে থাকেন। আল্লাহ যেন তাঁদের সহযোগিতা কবুল করেন।

তিনি আরও জানান, আজকের দুটি হুইলচেয়ারসহ এ পর্যন্ত মোট ৬০টি হুইলচেয়ার এবং আজকের দুটি সেলাই মেশিনসহ কর্মহীন নারীদের মধ্যে মোট ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মাওলানা গিয়াস উদ্দিন বলেন, তিনি কোনো নির্বাচনে প্রার্থী হবেন না; বরং মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। তিনি বলেন, মানবকল্যাণমূলক এ উদ্যোগ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের কল্যাণে কাজ করতে পারলে মনে প্রশান্তি আসে। কমলনগরের পাশাপাশি জেলার বাইরের অসহায় মানুষদেরও এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। প্রয়োজনীয় ব্যক্তিরা যোগাযোগ করলে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করা হবে।

হুইলচেয়ার ও সেলাই মেশিন পাওয়া উপকারভোগীরা এ উদ্যোগে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে কমলনগরের বিভিন্ন এলাকার অসহায় ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, উপকারভোগী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Reporter: