কাউনিয়ায় রাজ মিস্ত্রির গলাকাটা বিভৎস লাশ উদ্ধার : স্বামী -স্ত্রী গ্রেফতার
কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামে নির্জন রাস্তার ধারে পড়ে থাকা এক রাজ মিস্ত্রির গলাকাটা ও মুখ মন্ডল থেতলে দেওয়া বিভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে গলা কেটে ও মুখ মন্ডল থেতলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন এলাকার রাস্তার ধারে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আবু সিদ্দিক (৩৫)। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। ছোট ছেলের টির বয়স মাত্র ৪০ দিন। সে পেশায় একজন দক্ষ রাজমিস্ত্রী ছিলেন।
স্বজন ও স্থানীয় থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর আবু সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববতী জেলা লালমনিরহাট সদরের মিলন বাজারে যান সে । কাউনিয়া উপজেলার চরচতুরা গ্রামটি মিলন বাজার সীমান্ত সংলগ্ন এলাকা। রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয়রা চরচতুরা গ্রামের নির্জন রাস্তার ধারে আবু সিদ্দিকে কুপানো ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজারে গিয়ে তারা জানতে পারেন বাজারসংলগ্ন একটি মাঠে বসে আবু সিদ্দিকের সঙ্গে মোবাইলে কারো তীব্র বাকবিতণ্ডা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপায় ও মুখে কুপিয়ে থেতলে দেয় এবং গলা কেটে হত্যা করে নির্জন এলাকার রাস্তার ধারে মরদেহ ফেলে পালিয়ে যায়।
মরদেহ উদ্ধার ও স্বামী স্ত্রী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনী পদক্ষেপ গ্রহণে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।
