খুলনায় কুলিবাগান মোড়ে গুলিতে জুটমিল শ্রমিক নিহত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর বুক ও পিঠে গুলি লাগে। পরে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত জলিল নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না এবং মাদকসংক্রান্ত কোনো লেনদেনের বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
