খুলনায় ২,৯৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

IMG-20260811-WA0017

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সমর কুমার পাল (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সমর কুমার পাল খুলনার দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত দেবেন্দ্রনাথ পাল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি দল জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সমর কুমার পালকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ ও সরবরাহের জন্য রাখা হয়েছিল।

এ ঘটনায় সমর কুমার পালের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কেএমপি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

Reporter: