খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছেন নগরবাসী
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আবাসিক হোটেলগুলোতে কথিত মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও দেহব্যবসামুক্ত খুলনা চাই’—এমন দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ মানুষসহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আবাসিক হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় ‘বাবা খোর বাবা খায়, ওসি সাহেব মাল খায়’—এমন স্লোগান তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
বক্তারা বলেন, খুলনাকে মাদক ও দেহব্যবসার প্রভাব থেকে মুক্ত করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
নগরবাসীর প্রত্যাশা, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
