খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে অপহরণ রহস্য, তদন্তে পুলিশ

IMG-20261008-WA0001

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি।

খুলনা নগরীর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তন্ময় কুমার মণ্ডলকে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টা পর তিনি কার্যালয়ে ফিরে আসেন।

ফিরে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তন্ময় মণ্ডল দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি।

তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাটিতে কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। পুলিশের সঙ্গে তন্ময় মণ্ডলের কথা হয়েছে। তিনি বর্তমানে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর পেছনে কারা জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Reporter: