চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিক পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে, রেলবাগান প্রান্তিক পাড়া এলাকার রুবেল (৪৪) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪১)। তারা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানাধীন রেলবাগান প্রান্তিক পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
