চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চাঁপাইনবাবগঞ্জে মৎস্য উৎপাদন আরও বাড়াতে জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করা হবে। এছাড়া জেলার পাঁচটি উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
