নারী হয়রানির বিরুদ্ধে ‘বি-কোম্পানি’র বার্তা, সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:
নারীদের উত্ত্যক্ত ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে নবাব বি-কোম্পানি। পোস্টটি প্রকাশের পর স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
পোস্টে বলা হয়েছে, “প্রতিটি নারীকে সম্মান করুন। তার সম্মতি ছাড়া স্পর্শ বা হয়রানি করবেন না।” একই সঙ্গে নারীদের পণ্য হিসেবে না দেখে প্রত্যেককে কারও মা, বোন কিংবা মেয়ে হিসেবে সম্মান করার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, কোনো নারীকে রাস্তায় উত্ত্যক্ত কিংবা হয়রানির চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে পোস্টটির শেষে “সকল প্রশংসা মহান আল্লাহর প্রতি” উল্লেখ করা হয়েছে। পোস্টটি নবাব বি-কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং শেষে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে এর বক্তব্য নিয়ে আলোচনা চলছে। কেউ নারীর নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে এমন বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিকভাবে এমন বক্তব্য দেওয়ার ধরন ও এর বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন।
