নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিক্ষোভ
রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির উদ্যোগে আয়োজিত মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রি-পেইড মিটার বন্ধ, শ্রমজীবী মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ কমানোসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রি-পেইড মিটার ব্যবহারের কারণে সাধারণ গ্রাহক ও শ্রমজীবী মানুষ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। মিটার রিচার্জ, ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন কারিগরি জটিলতার কারণে গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে।
বক্তারা বলেন, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করে এমন ব্যবস্থা কাম্য নয়। সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রি-পেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
এ সময় বক্তারা দ্রুত প্রি-পেইড মিটার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
