নীলফামারীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ
রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, জেলা কালচারাল অফিসার মিজ নুঝাত তাবাসসুম রিমু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার সংস্কৃতিপ্রেমী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের কবি নন; তিনি ছিলেন বাঙালির সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও মানবিক চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর সাহিত্যকর্মে মানবতা, প্রেম, প্রকৃতি, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও মানুষকে আলোকিত ও অনুপ্রাণিত করে।
বক্তারা আরও বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কালজয়ী। কবিতা, গান, গল্প, উপন্যাস ও নাটকসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর অসামান্য সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাঁর চিন্তা, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
গভীর শ্রদ্ধা, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের আয়োজন শেষ হয়।
