পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’, চলছে বিশেষ অভিযান

IMG-20260901-WA0019

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে থানা পুলিশ। চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনতে শুরু হয়েছে বিশেষ অভিযান।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অন্নদানগর ইউনিয়নের একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করেছে পীরগাছা থানা পুলিশ। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই মোস্তফা কামাল, এসআই শামীমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চিহ্নিত অপরাধীদের অবস্থান শনাক্ত করে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তালিকাভুক্ত অপরাধীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু অভিযান ও গ্রেপ্তারের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি স্থায়ীভাবে নির্মূল করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পীরগাছা গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Reporter: