পীরগাছায় মাদকবিরোধী র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ, ২৯ সদস্যের কমিটি ঘোষণা

IMG-20260902-WA0054

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
“মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এবং “খেলাধুলায় বাড়ে বল, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ইটাকুমারী ইউনিয়নের মাদকবিরোধী প্রতিরোধ কমিটির ২৯ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার বিকেলে ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে ‘বিবাহিত একাদশ’ ও ‘অবিবাহিত একাদশ’ পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন। কমিটির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিটির প্রধান উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম (ডালেজ)।

প্রধান অতিথির বক্তব্যে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলমগীর হোসেনকে সভাপতি এবং মোঃ আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইটাকুমারী ইউনিয়নের ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’র ২৯ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আইয়ুব হোসেন, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মাহবুব রহমান, আব্দুল মজিদ মিয়া ও হাবিবুর রহমান সুজন।

এছাড়া স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন কমিটির সহ-সভাপতি মোঃ হাচ্ছান সরকার, সহকারী সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রেজওয়ান মিয়া, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ মন্নাফ হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (সাগর), পুনর্বাসন সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Reporter: