পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড়, ক্ষতি ৮ লাখ টাকা​

IMG-20260910-WA0009(1)


মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে একাকার করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম।​গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এই নৃশংস ও বর্বর ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম নিজ মেধা ও শ্রমে ৪৪ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করেছিলেন।

অধিকাংশ গাছেই ধরেছিল থোকা থোকা পেঁপে। শত কষ্ট অর্জিত স্বপ্ন পুরণের পথেই ছিলেন তিনি। কিন্তু বুধবার দিবাগত রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত গোপনে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এক এক করে প্রায় ৪১০টি ফলন্ত পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে দেয়। পরদিন সকালে বাগানে গিয়ে নিজের হাড়ভাঙা খাটুনির এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।​অশ্রুসিক্ত চোখে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, “পূর্বশত্রুতার জেরে শত্রুরা রাতের আঁধারে আমার স্বপ্ন শেষ করে দিল।

প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে আমার অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter: