মন্ত্রীর জুতা টানছে পুলিশ’—সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও জুমার নামাজ আদায় করেন।
মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। তবে ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার কোনো ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্টরা জানান, একটি স্বাভাবিক ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য প্রচারণা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার ও শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
