রূপসায় পুলিশের বিশেষ অভিযান, ১০ মোটরসাইকেল আটক; গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মো. আল-মাহফুজ শাওন
খুলনার রূপসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ১০টি মোটরসাইকেল আটক, তিনটির বিরুদ্ধে মামলা, বিভিন্ন মামলার চারটি ওয়ারেন্ট তামিল এবং গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার আইচগাতী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
খুলনার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, রূপসা থানার অফিসার ইনচার্জ, আরআরএফ খুলনা, পুলিশ লাইনস খুলনা এবং কেএমপি রূপসা থানা-ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে আইচগাতী ইউনিয়নের আব্দুলের মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ বিভিন্ন বিষয় পরীক্ষা শেষে মোট ১০টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে এক বছরের জিআর সাজা ওয়ারেন্টের একটি এবং সাধারণ জিআর ওয়ারেন্টের তিনটিসহ মোট চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সড়কে অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ ধরনের অভিযান ও চেকপোস্ট পরিচালনার ফলে রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
