শ্রীপুরে সাংবাদিক নাঈমকে নিয়ে এআই প্রযুক্তিতে অপপ্রচার, থানায় জিডি।
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার, চরম হয়রানি ও সম্ভাব্য হুমকির আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. নাঈম (৩২)। তিনি জাতীয় দৈনিক ‘দেশ বর্তমান’-এর গাজীপুর জেলা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডিটি দায়ের করেন (জিডি নম্বর: ১২৫৯, ট্র্যাকিং নম্বর: OW5EOG)।
জিডি সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিনের ছেলে সাংবাদিক নাঈমের বিরুদ্ধে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির প্ররোচনায় ‘মাওনা Anti Corruption BD’ নামের একটি ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাহিরুল ইসলামের বিরুদ্ধে নামজারি, টিসিবি কার্ড, জন্মনিবন্ধন ও ভোটার কার্ড পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। এসব প্রতারণার বিষয়ে রাজাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং আইনজীবী তাহরিম ছাফফাত চলতি বছরের ১৯ জুন থানায় লিখিত অভিযোগ দেন। এছাড়া সংবাদকর্মী মামুন হোসেনও অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ ও জিডি (নং-১২৯১) দায়ের করেছিলেন।
ভুক্তভোগী সাংবাদিক মো. নাঈম বলেন, “ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তির মাধ্যমে মিথ্যা কন্টেন্ট ছড়িয়ে আমার মানহানি করা হচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ফেলছে। আমি এই চক্রের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি প্রতিকার চাই।”
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
