ঈদগাঁওয়ে অভিযান: ১২ মাদকসেবী আটক, ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার
মামুনুর রশীদ প্রতিনিধি :ঈদগাঁও. কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক সেবনের প্রস্তুতি ও সেবনরত অবস্থায় ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি ভাঙা ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ রাতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মো. আজিমুল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটের দিকে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষ থেকে চক্রাকারে বসে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)। তারা ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, একটি চেকের গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
