একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, চরম অর্থসংকটে পীরগাছার সৌর-হাসি দম্পতি

IMG-20260831-WA0067

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের আউলিয়া পাড়া (বড় হাত খাঁ) গ্রামের দিনমজুর মোঃ সৌর মিয়ার সংসারে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম হয়েছে। স্ত্রী মোছাঃ হাসি বেগম সম্প্রতি তিন ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকদের নাম রাখা হয়েছে মোছাঃ সুমাইয়া, মোছাঃ সুরভী ও মোছাঃ মাইশা।

তিন নবজাতকের আগমনে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হলেও চরম অর্থসংকটের কারণে সেই আনন্দ এখন অনেকটাই বিষাদে পরিণত হয়েছে। আগে থেকেই পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে এ দম্পতির। বর্তমানে চার কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর সৌর মিয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের ছেলে মোঃ সৌর মিয়া পেশায় একজন দিনমজুর। সামান্য উপার্জন দিয়ে কোনোভাবে সংসারের ব্যয় মেটাতেন তিনি। একসঙ্গে তিন সন্তানের জন্মের পর পরিবারের ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।

প্রসূতি মা হাসি বেগমের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হলেও অর্থাভাবে তা ঠিকমতো জোগাড় করতে পারছেন না পরিবারের সদস্যরা। একই সঙ্গে তিন নবজাতকের জন্য প্রয়োজনীয় দুধ, ডায়াপার, ওষুধ ও পোশাকের ব্যবস্থা করতেও হিমশিম খেতে হচ্ছে সৌর মিয়াকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চার কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পরিবারটি। আর্থিক সামর্থ্য না থাকায় শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে সৌর মিয়া ও হাসি বেগম বলেন, “সন্তান আল্লাহর নেয়ামত। একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা আনন্দিত। কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সন্তানদের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার, দুধ, ওষুধ ও অন্যান্য খরচ মেটাতে পারছি না। সরকার ও সমাজের বিত্তবান মানুষ যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে শিশুদের সুস্থভাবে বড় করার সুযোগ পাব।”

ইটাকুমারী ইউনিয়নের স্থানীয় সচেতন মহল ও প্রতিবেশীরা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। একসঙ্গে তিন নবজাতকের জন্মের পর তাদের সংকট আরও বেড়েছে। এ অবস্থায় পীরগাছা উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সরকারি সহায়তা, মাতৃত্বকালীন সুবিধা কিংবা মানবিক সহযোগিতা দেওয়া হলে পরিবারটি উপকৃত হবে।

এদিকে, অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান, বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আকুতি জানিয়েছেন সৌর-হাসি দম্পতি।

সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ

মোঃ সৌর মিয়া
গ্রাম: আউলিয়া পাড়া (বড় হাত খাঁ)
ইটাকুমারী ইউনিয়ন, পীরগাছা, রংপুর।

বিকাশ/নগদ: ০১৯০৮৬৬৯৪৭০

Reporter: