কমলনগর মাতাব্বার হাট ঘাটে ইজারার শর্ত তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ পারাপার: যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা

Screenshot_2026_0912_124612

​ মোহাম্মদ নুরুল ইসলাম লক্ষীপুর, প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা ফেরিঘাট ইজারার শর্তাবলীর কোনো তোয়াক্কাই করা হচ্ছে না লক্ষ্মীপুর ও ভোলা জেলা পরিষদের যৌথ মালিকানাধীন নাছির মাঝির ঘাট-তুলাতলী-কাঠির মাথা ফেরিঘাটে (মতিরহাট রাস্তার মাথা হতে মাঝেরচর-মদনপুর-চরপদ্মা রুট)। সরকারের পক্ষ থেকে ১৭টি কঠোর শর্তে ফেরিঘাট ইজারা দেওয়া হলেও সরজমিনে তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
​২০২৬-২০২৭ অর্থবছরের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উক্ত ফেরিঘাটটি ১৪,৯৫,১৭৫/- টাকায় ইজারা নেন কমলনগর উপজেলার ১নং চর কালকিনি এলাকার মোঃ মুকতার হোসেন। ইজারার ১ ও ৩ নম্বর শর্ত অনুযায়ী ঘাটে পর্যাপ্ত নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, ফিটনেস সনদপ্রাপ্ত নৌযান পরিচালনা এবং যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় লাইফ জ্যাকেট ও লাইফ বয়া থাকার স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।
​তবে সরজমিনে ঘাটে গিয়ে দেখা যায় এক বিপরীত চিত্র:
​নিরাপত্তা সরঞ্জামের তীব্র অভাব: ঝুঁকি নিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুরক্ষায় কোনো লাইফ জ্যাকেট বা লাইফ বয়া নেই।
​অবকাঠামোগত অবহেলা: যাত্রী পারাপারের জন্য নেই কোনো নিরাপদ পন্টুন, সিঁড়ি কিংবা ওঠানামার সুব্যবস্থা।
​অনিবন্ধিত নৌযান পরিচালনা: ইজারা চুক্তির ১ নম্বর শর্তানুযায়ী ঘাটের উভয় তীরে কমপক্ষে ৪টি করে মোট ৮টি নিবন্ধিত ও ফিটনেস সনদযুক্ত নৌযান থাকার কথা থাকলেও নিয়ম মেনে কোনো ট্রলার পরিচালনা করা হচ্ছে না।
​প্রতিদিন ফিটনেসবিহীন ট্রলারে লাইফ জ্যাকেট ছাড়া এবং অরক্ষিত পন্টুন দিয়ে শত শত যাত্রী উত্তাল নদী পারাপার হচ্ছেন। ফলে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।
​ইজারার শর্ত ভঙ্গের বিষয়ে বক্তব্য জানতে ইজারাদার মোঃ মোকতার হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​ঘাট দিয়ে চলাচলকারী স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, প্রশাসন যাতে অবিলম্বে সরজমিনে তদন্ত পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং সাধারণ মানুষের নিরাপদ পারাপার নিশ্চিত করে।
​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়টি জেলা পরিষদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter: