কাউনিয়া মহিলা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. খোরশেদ আলম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুজ্জামান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. আমজাদ হোসেন ও হুমায়ুন কবীর খোকন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুজ্জামান মন্ডল, সদস্য মো. আমজাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম সরকার, প্রভাষক রণজিত কুমার বর্মন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিরোজ শাহ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কুদ্দুস, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম আজম।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, সংহতি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
