কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের অংশীজন সমন্বয় সভা

IMG_20260919_140128

কাউনিয়া রংপুর প্রতিনিধি:

কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তর, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তরুণদের নেতৃত্বে টেকসই সবুজ উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় ‘ব্যানকোটা কলাগাছের বর্জ্য থেকে চক্রাকার সবুজ উদ্যোগ’ প্রকল্পের অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক বাস্তবায়িত প্রকল্পটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এর যুব উদ্ভাবনী তহবিল ২০২৬ এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সালাহউদ্দিন, তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু এবং ৫ নম্বর বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম। এছাড়া গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক ও ব্যানকোটা প্রকল্পের সদস্য এবং নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যানকোটা প্রকল্পের পূর্ববর্তী কার্যক্রম, অর্জন ও নতুন ধাপের পরিকল্পনা তুলে ধরা হয়। কলা চাষের পর পড়ে থাকা কলাগাছের অবশিষ্টাংশকে কৃষি বর্জ্য হিসেবে ফেলে না রেখে তা থেকে আঁশ, হস্তশিল্প, পরিবেশবান্ধব পণ্য ও জৈব সার তৈরির মাধ্যমে একটি চক্রাকার অর্থনীতি মডেল গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়।

এ ছাড়া প্রকল্পের আওতায় আরও বেশি কৃষককে সম্পৃক্ত করা, নারীদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বাজারসংযোগ জোরদার এবং তরুণদের নেতৃত্বে সবুজ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী দুই শতাধিক কলাচাষি এবং শতাধিক নারীকে সবুজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

সভায় প্রকল্পের নারী সদস্যদের তৈরি পরিবেশবান্ধব বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে উপজেলা পরিষদে আসা মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন।

মতবিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সম্পৃক্তকরণ, কৃষি বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্যানকোটা শুধু কলাবর্জ্য থেকে পণ্য তৈরির উদ্যোগ নয়; এর মাধ্যমে কৃষি বর্জ্য ব্যবস্থাপনা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তরুণদের নেতৃত্ব, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, অংশীজনদের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হলে কলাগাছের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় কৃষক, নারী ও তরুণদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে এবং কাউনিয়ায় গড়ে উঠবে একটি কার্যকর চক্রাকার সবুজ অর্থনীতির মডেল।

Reporter: