খুলনায় খাদ্য নিয়ন্ত্রককে দুর্বৃত্তদের হামলা, হাসপাতালে ভর্তি

IMG-20260810-WA0000

আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা: প্রতিনিধি:
খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফারাজীপাড়া এলাকার আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পর কিছুদূর এগোতেই ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।

সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর জানান, দুর্বৃত্তরা অনিন্দ্য কুমার দাসকে কিল-ঘুষি মেরেছে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Reporter: