খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ছেলেকে খুঁজতে এসে গুলিবিদ্ধ হয়েছেন শিমুল (৪০) নামে এক নারী। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ৬-৭ জনের একটি দল মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। একপর্যায়ে তারা হৃদয়ের বাড়ির দরজায় গিয়ে টোকা দেয়। শিমুল দরজা খুললে তারা হৃদয়ের বিষয়ে জানতে চায়। হৃদয় বাড়িতে নেই জানালে দলের এক সদস্য গুলি ছোড়ে।
তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। পরিবারের সদস্যদের দাবি, গুলিটি এখনও তার শরীরের ভেতরে রয়েছে।
আহত শিমুলের স্বামী মুকুল বলেন, “সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে আমাদের দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা ছেলে হৃদয়ের খোঁজ জানতে চায়। হৃদয় বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের একজন গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়।”
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, আহত শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই পক্ষটি ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঘটনার পর করিমনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
