খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় এক আসামির কাছ থেকে পাঁচ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট ২০২৬ রাত ১টা ৩০ মিনিটে খুলনা সদর থানাধীন সাহেবের কবরখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শেখ শামিমুর আলম মান্দার (৫৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে সিআর নং-১১১৯/২৬, খুলনা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ২২ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে খুলনা সদর থানাধীন টুটপাড়া মেইন রোড এলাকা থেকে মোঃ রুবাব হোসেন ওরফে রকি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানার এফআইআর নং-২২, তারিখ ২১ আগস্ট ২০২৬ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া খুলনা সদর থানাধীন নতুন বাজার ওয়াপদা ভেড়িবাঁধ রোড** এলাকায় অভিযান চালিয়ে ইমন হাওলাদার (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা সদর থানার মামলা নং-৩৭, তারিখ ২৬ জুন ২০২৬ দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারারমামলার আসামি। পুলিশ তাকে পেশাদার চোর ও চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়।
অপরদিকে, ২২ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে** খুলনা সদর থানাধীন পূর্ববানিয়া খামার রোডের সবুজ স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মুঞ্জুরুল আলম ওরফে বনি (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ০.৫ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মুঞ্জুরুল আলম নিয়মিত মাদকদ্রব্য সেবন করেন। তার বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার এসব পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
