চাঁপাইনবাবগঞ্জে বেকারত্ব কমাতে সীমান্তে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
মো:সাকিব
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিজিবি। এসব প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তোলাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ একজন যুবককে নিজেই কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। একই সঙ্গে দক্ষতা অর্জনের পর তারা অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন।
৫৩ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যুবকদের কর্মমুখী করে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি তাদের মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজের দক্ষতা উন্নয়নে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৩ বিজিবি।
