চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৭৬ বোতল এস্কাফ সিরাপসহ মোটরসাইকেল জব্দ
মো:সাকিব
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযানটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল দেখতে পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা এস্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৩০ হাজার ৪০০ টাকা। আর মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, গত আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন মাদকবিরোধী অভিযানে ৫২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
