জনকল্যাণে ১ একর খাসজমিতে গণকবরের ব্যবস্থা, প্রশংসায় ভাসছেন কমলনগরের ইউএনও
মোহাম্মদ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভূমিহীন ও বিটেমাটিহারা মানুষের কল্যাণে ১ একর সরকারি খাসজমিতে গণকবরের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ্জামান। তাঁর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
জানা যায়, উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১ একর সরকারি খাসজমিতে বিটেমাটিহারা মানুষের কল্যাণে গণকবরের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের একটি ব্যবস্থা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে তা বাস্তবায়িত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, সমাজের অসহায় ও ভূমিহীন মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া এ পদক্ষেপ নিঃস্ব মানুষের জন্য সহায়ক হবে।
স্থানীয় সাংবাদিকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, বিটেমাটিহারা মানুষের এ দাবি দীর্ঘদিন ধরে জনদাবি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান সেই দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় সর্বসাধারণের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
দৈনিক যুগযুগান্তর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এ উদ্যোগ উপজেলার নিঃস্ব ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। মানুষের মৌলিক ও মানবিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকলে কমলনগর উপজেলা আরও এগিয়ে যাবে।”
সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও কমলনগর উপজেলায় অসহায়, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
