ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
মো. আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) পরিদর্শন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বুধবার সকালে তিনি হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন। চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপ্রাপ্তি, চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের পরিবেশ নিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি তাদের মতামত শোনেন তিনি।
রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে রোগীদের প্রতি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরও আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং আক্রান্ত রোগীদের দ্রুত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান কেসিসি প্রশাসক।
এদিকে কেসিসি প্রশাসকের সরেজমিনে হাসপাতাল পরিদর্শন এবং রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।
