নাজিরপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা স্কুল সংলগ্ন মাঠে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দিনব্যাপী এক ৪-দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেল ৪টায় সম্পন্ন হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় গিলাতলা খেয়াঘাট ফুটবল টিম ৩-১ গোলের ব্যবধানে তারাবুনিয়া ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে আকর্ষক ট্রফি, প্রাইজমানি এবং উভয় দলের প্রতিটি খেলোয়াড়কে দৃষ্টিনন্দন মেডেল প্রদান করা হয়। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোকেও নগদ প্রাইজমানি দেওয়া হয়।
স্থানীয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোমথ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি শাঁখারীকাঠি ইউনিয়ন শাখার আহ্বায়ক অধ্যাপক এস. এম. রেজাউল করিম, জামায়াতে ইসলামী শাঁখারীকাঠি ইউনিয়ন সভাপতি মাস্টার ইব্রাহিম মল্লিক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও যুবদল নেতা মো. মিজান শরীফ, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সাইফুল ইসলাম লিটন, শাঁখারীকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো টুর্নামেন্টটি অত্যন্ত নিখুঁত ও প্রাণবন্তভাবে উপস্থাপন ও ধারাভাষ্য পরিচালনা করেন শাঁখারীকাঠি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসরাফিল শেখ। হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব ও ছাত্রসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন এলাকার সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি যুব সমাজকে সুন্দর পথে রাখতে সহায়তা করবে।
