পীরগাছায় জমি নিয়ে বিরোধে ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ৩

IMG-20261106-WA0009

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাবীর মাথার চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাসুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আজিম উদ্দিন।

গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার পীরগাছা ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্রঝাড় গ্রামের মৃত আনিছুল হকের ছেলে মো. আজিম উদ্দিন (৩১) ও তাঁর বড় ভাই মো. আলাদিন মিয়ার (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন দুপুরে আলাদিন মিয়া ও তাঁর স্ত্রী মোছা. পারভীন বেগম (৪০) দেশীয় অস্ত্র, লোহার রড ও ছুরি নিয়ে আজিম উদ্দিনের বাড়ির সামনে গিয়ে গালাগাল শুরু করেন।

এ সময় আজিম উদ্দিনের ভাবী মোছা. শাহিদা বেগম (৩৫) প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। তাঁরা শাহিদার চুল ধরে টানাহেঁচড়া, কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে তাঁর মাথার চুল ছিঁড়ে ফেলা হয় এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভাবীকে রক্ষা করতে এগিয়ে গেলে আজিম উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর ডান পায়ের গোড়ালি কেটে গুরুতর জখম হয়। পাশাপাশি লোহার রডের আঘাতে বাম হাতের কনুই ফেটে যায়। তাঁদের চিৎকার শুনে ফুফু মোছা. আলিমুন বেগম (৪৫) এগিয়ে এলে তাঁকেও মারধর করে আহত করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আজিম উদ্দিন বাদী হয়ে আলাদিন মিয়া ও তাঁর স্ত্রী মোছা. পারভীন বেগমের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Reporter: