পীরগাছায় জমি বিরোধের জেরে কৃষকের বাড়িতে তাণ্ডব ও অগ্নিসংযোগ, পৌনে ১০ লাখ টাকার ক্ষতির দাবিনিজস্ব প্রতিবেদক
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গভীর রাতে এক কৃষকের বসতবাড়িতে সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৮ হাত দৈর্ঘ্যের একটি টিনশেড ঘরসহ হাঁস-মুরগি ও ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি গরু এবং ঘর থেকে জমি বিক্রির নগদ পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।গত রোববার গভীর রাতে (রাত ১টার দিকে) উপজেলার ছাওলা ইউনিয়নের রামসিং এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
এই আকস্মিক তাণ্ডবে ভুক্তভোগী পরিবারটির প্রায় পৌনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রামসিং এলাকার কৃষক চান মিয়ার সঙ্গে প্রতিবেশী ইদ্রিস ও তাঁর সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে প্রতিপক্ষ ইদ্রিসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চান মিয়ার বসতবাড়িতে হানা দেয়। একপর্যায়ে তাঁরা বাড়িতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।আগুন ও উত্তাপের তীব্রতায় ঘরের লোকজন পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় উত্তর দুয়ারি ১৮ হাত দৈর্ঘ্যের টিনশেড ঘরটি।
ঘরে থাকা ৮টি মুরগি ও ৩টি ছাগল পুড়ে মারা যায়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, অগ্নিসংযোগের পাশাপাশি হামলাকারীরা গোয়ালঘর থেকে তিনটি গরু নিয়ে যায় এবং পশ্চিম দুয়ারি ঘরের বাক্সে রাখা জমি বিক্রির নগদ ৫ লাখ ৫ হাজার টাকা লুট করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা খেতের কাঁচা ধানের একটি অংশ কেটে নষ্ট করে এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয়।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চান মিয়া বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তবে অভিযুক্ত পক্ষ তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁদের দাবি, পূর্বশত্রুতার জেরে ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ জানায়, বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
